কমলগঞ্জে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্বোধন: আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন্দ্রীয় এই আয়োজনের সঙ্গে সংগতি রেখে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুধ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমেদ খান, এবং যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় পর্যায়ের মূল উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। এরপর জাতীয় কবির জীবন, সাহিত্যকর্ম, সংগীত এবং তাঁর অসাম্প্রদায়িক ও মানবতাবাদী দর্শন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর কালজয়ী সৃষ্টিতে সাম্য, মানবতা, স্বাধীনতার চেতনা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী বার্তা রয়েছে। বর্তমান প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে নজরুলচর্চা আরও বিস্তৃত করা প্রয়োজন।
তারা আরও উল্লেখ করেন, জাতীয় কবির সৃষ্টিকর্ম কেবল সাহিত্য ও সংগীতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ বিনির্মাণের আজীবন অনুপ্রেরণা জোগায়। নতুন প্রজন্মকে নজরুলের প্রগতিশীল আদর্শে উদ্বুদ্ধ করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে নজরুল সংগীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে জাতীয় কবির কালজয়ী সৃষ্টি এবং তাঁর জীবন ও কর্মের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়।
উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২০২৭ সালব্যাপী দেশজুড়ে ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হচ্ছে। এই বছরব্যাপী উদযাপনের অংশ হিসেবে দেশব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্যিক, শিক্ষামূলক ও গবেষণাধর্মী কর্মসূচি বাস্তবায়ন করা হবে।







