কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানের নামে ফল ধরার আগমুহূর্তে প্রায় ১,২০০টি কমলা গাছ কেটে ফেলার ঘটনায় জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে সংবাদটি প্রকাশের পর বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ের নজরে আসে। এর প্রেক্ষাপটে গত ২২ জুলাই সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ৩ সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গঠনের পরদিনই, ২৩ জুলাই বৃহস্পতিবার, কমিটির সদস্যরা সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) আশরাফুর রহমানকে প্রধান করে এই উচ্চতর তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন— সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আব্দুর রহমান এবং মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনা আক্তার।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তদন্ত কমিটির সদস্যরা টানা পাঁচ ঘণ্টা ঘটনাস্থলে অবস্থান করে সরজমিন তদন্ত পরিচালনা করেন।
পরিদর্শন শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) আশরাফুর রহমান স্থানীয় সাংবাদিকদের জানান, আমরা ঘটনাস্থলের সার্বিক তথ্য-উপাত্ত, প্রয়োজনীয় কাগজপত্র এবং ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী ও বন বিভাগের বক্তব্য সংগ্রহ করেছি। এসব তথ্য ও প্রমাণাদি গভীরভাবে পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে সরকারের নিকট চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।
তদন্ত কমিটির সদস্য সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক আব্দুর রহমান বলেন, তদন্ত কাজে সার্বিক সহায়তার জন্য আমি এসেছি। যেহেতু বিষয়টি বর্তমানে তদন্তাধীন, তাই এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু মন্তব্য করা সম্ভব নয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, এই উচ্চতর তদন্ত কমিটি ঘটনার পেছনের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে প্রতিবেদন জমা দেওয়ার পর দোষীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।







