শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ তরুণ নিহত, আহত ১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক।
রোববার (২৮ জুন) বেলা ৩টার দিকে উপজেলার সাতগাঁও এলাকায় ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ‘চা কন্যা’ ভাস্কর্যের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। নিহত সৌরভ এ বছর দারুস সুন্নাহ কামিল মাদরাসা থেকে দাখিল পাস করে আলিমে ভর্তি হয়েছিলেন। আর নাঈম পেশায় একজন ইন্টারনেট (ওয়াইফাই) সংযোগ কর্মী ছিলেন। এই ঘটনায় গুরুতর আহত সাব্বির (২৫) একই এলাকার শহিদ আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল শ্রীমঙ্গলের দিকে আসছিল। পথে সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘হানিফ পরিবহনে’র একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী তিনজনই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর আগেই সৌরভ ও নাঈমের মৃত্যু হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দুইজনের মৃত্যু হয়েছিল। গুরুতর আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যায়। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে হানিফ পরিবহনের বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।







