মৌলভীবাজারে ডিবির অভিযানে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থসহ রুবেল মিয়া (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।
আজ রোববার (৭ জুন) বিকেলে মৌলভীবাজার সদর মডেল থানাধীন চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট এলাকার একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে একটি চৌকস দল চাঁদনীঘাট এলাকার ওই বাসায় অভিযান চালায়। অভিযানকালে সদর উপজেলার বাসিন্দা রুবেল মিয়াকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কৌশলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপর এক আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।
এই বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মৌলভীবাজারের অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।







