মৌলভীবাজার-৪: ধানের শীষের প্রার্থী হাজী মুজিবের সমর্থনে নির্বাচনী জনসভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

শুক্রবার রাতে (৩০ জানুয়ারি) দলের মনোনীত প্রার্থী, আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর সমর্থনে মাধবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে ভাষানিগাও গ্রামে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী জনসভায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী বলেন, বিগত দিনেও আমি মানুষের পাশে ছিলাম, আগামীতেও আপনাদের পাশে থাকতে চাই। নির্বাচিত হয়ে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে আমি সর্বদা সোচ্চার থাকবো। দেশ ও জাতির কল্যানের জন্য ধানের শীষে ভোট প্রদান করার আহ্বায়ক জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ পৌর বিএনপির সদস্য কাজী হারুনুর রশিদ, মাধবপুর ইউনিয়নের সদস্য মো. মোতাহের আলী, ব্যবসায়ী মোশাহিদ আলী প্রমুখ।

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।







