আন্তর্জাতিক দর্শন দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মৌলভীবাজার সরকারি কলেজে আন্তর্জাতিক দর্শন দিবস উপলক্ষে দর্শন বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং দর্শন বিভাগের নবীন-প্রবীণ শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনা সভায় আন্তর্জাতিক দর্শন দিবসের তাৎপর্য তুলে ধরে একটি প্রবন্ধ পাঠ করা হয়। বক্তারা আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের পাশাপাশি ব্যক্তিজীবনে দর্শনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনসুর আলমগীর। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক তারেক উজ্জামান ভূঁইয়া। শুরুতে স্বাগত বক্তব্য দেন দর্শন বিভাগের প্রভাষক আজহারুল ইসলাম খান (আপেল)।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দর্শন বিভাগের শিক্ষার্থী রাইসা চৌধুরী, লতিফা আক্তার মিতুল ও দিতি আক্তার তানিয়া।
এতে বক্তব্য দেন দর্শন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আয়েশা বেগম ও মুশফিকা রহমান মুন্নি, প্রথম বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান জুঁই এবং দ্য এথোস গিল্ডের সভাপতি রাফি খান।







