কমলগঞ্জে জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, মানা হচ্ছে না সালিশের সিদ্ধান্ত
মৌলভীবাজারের কমলগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর বিরুদ্ধে জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকে দখলকৃত জমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও অভিযুক্ত পক্ষ তা মানছে না। শেষ পর্যন্ত ন্যায়বিচারের আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী রেজিয়া বেগম।
গত ১৭ নভেম্বর ইউএনও বরাবর দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী সেলিনা বেগম ভুক্তভোগী রেজিয়া বেগমের মালিকানাধীন প্রায় এক শতাংশ জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন। ওই একই প্রাচীরের ভেতরে স্থানীয় আরও কয়েকজনের জমি ঢুকে পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এর মধ্যে গোলাম রাব্বানীর প্রায় ১৫ ফুট, মাওলানা আলীম উদ্দিনের এক শতাংশ এবং চেরাগ উদ্দিনের প্রায় দুই শতাংশ জমি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে একাধিকবার সালিশ বৈঠক বসে। রেজাউল করিম ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সালেহ আহমদসহ স্থানীয় মুরব্বিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। সালিশে উভয় পক্ষের সার্ভেয়ারের মাধ্যমে জমি পরিমাপ করা হলে প্রাচীরের ভেতরে রেজিয়া বেগমের জমি থাকার বিষয়টি প্রমাণিত হয়।
সালিশে উপস্থিত রেজাউল করিম জানান, পরিমাপ শেষে দখল হওয়া অংশের সীমানাপ্রাচীর সরিয়ে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পরবর্তীতে অভিযুক্ত পক্ষ সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি।
অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সালেহ আহমদও একই তথ্য নিশ্চিত করে বলেন, সালিশের সিদ্ধান্ত অনুযায়ী দখলকৃত অংশ ছেড়ে দেওয়ার কথা থাকলেও অভিযুক্তরা তা অমান্য করে চলেছেন।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত সেলিনা বেগমের মেয়ে রাবেয়া বেগম পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম সচিব (ফার্স্ট সেক্রেটারি) পদে কর্মরত রয়েছেন। তাঁর সরকারি পদমর্যাদার প্রভাব খাটিয়েই জমিটি দখলে রাখার চেষ্টা চলছে। এমনকি জমির মালিকেরা চাইলে নিজেদের মতো ব্যবস্থা নিতে পারেন এমন মন্তব্য করে বিষয়টি এড়িয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে।
স্থানীয়ভাবে সমাধানের সব চেষ্টা ব্যর্থ হওয়ায় রেজিয়া বেগম তাঁর আবেদনের সঙ্গে জমির দলিল, খতিয়ান ও দাগসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করেছেন। এসব নথিপত্রের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত এবং সরেজমিনে সঠিক সীমানা নির্ধারণ করে আইনানুগভাবে জমি বুঝিয়ে দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত সেলিনা বেগম ও তাঁর মেয়ে রাবেয়া বেগমের বক্তব্য জানার জন্য তাঁদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। ফলে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি বর্তমানে তদন্তাধীন।







