নির্বাচন করব, তবে এনসিপির হয়ে কি না সিদ্ধান্ত নিইনি: আসিফ
অন্তর্বর্তী সরকার থেকে ইস্তফা দেবেন তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- এমন খবর প্রকাশের পর এবার এই জুলাই যোদ্ধা জানালেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তিনি। তবে সহযোদ্ধাদের গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে তিনি প্রার্থী হবেন কি না, তা এখনো সিদ্ধান্ত নেননি।
বুধবার (১৩ আগস্ট) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী আসিফ।
তিনি বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ আছে। কীভাবে করব বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটার নিশ্চয়তা নেই। তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করব।’
যদিও নির্বাচনের তফসিল ঘোষণার আগে নাকি পরে তিনি পদত্যাগ করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন আসিফ।
কোন দলের হয়ে নির্বাচনে লড়বেন- সে বিষয়ে তরুণ এই উপদেষ্টা বলেন, ‘কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, এনসিপির বা স্বতন্ত্র হিসেবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি।’
নির্বাচন বা রাজনীতি করার ইচ্ছা থাকলে সরকারের অন্য উপদেষ্টাদেরও পদত্যাগ করা উচিত বলে মনে করেন আসিফ।
তিনি বলেন, ‘যারাই নির্বাচন করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে, তাদের কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। এটা যে কেবল আমি বা মাহফুজ আলম- এরকম না ইস্যুটা। আরও অনেকেই আছেন, যাদের রাজনৈতিক পদ-পদবীও ছিল। আমার মনে হয়, তাদের কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না।’
এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) নিউইয়র্কভিত্তিক ‘ঠিকানা টিভির’ প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের টকশোতে আসিফ জানান, তিনি উপদেষ্টা পদ থেকে ইস্তফা দেবেন।
উপদেষ্টা বলেন, ‘২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত। রাজনীতিতে আছেন এমন কারও নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। তাই তফসিল ঘোষণার আগেই আমি সরকার থেকে সরে দাঁড়াবো।’
টকশোতে একক অতিথি হিসেবে ছিলেন আসিফ। নিউইয়র্ক সময় বেলা ১১টায় ও বাংলাদেশ সময় রাত ৯টায় আলোচনা অনুষ্ঠানটি সরাসরি দেখা যায় ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ ইউটিউব চ্যানেলে।







