বর্ণিল আয়োজনে কমলগঞ্জে খাসিয়াদের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব
মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য ও ঐতিহ্যবাহী আয়োজনে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ উদযাপিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির ফুটবল মাঠে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।
খাসি বর্ষপুঞ্জি অনুযায়ী, এবারের উৎসবের মধ্য দিয়ে ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ করে নিয়েছেন খাসিয়া জনগোষ্ঠীর মানুষ। ব্রিটিশ আমল থেকেই প্রতিবছর ২৩ নভেম্বর ভারতের মেঘালয়সহ খাসিয়া অধ্যুষিত অঞ্চলগুলোতে ঐতিহ্যবাহী এ উৎসব পালিত হয়ে আসছে।
উৎসব উপলক্ষে মাগুরছড়া ফুটবল মাঠে বাঁশ ও নারিকেল পাতার ছাউনি দিয়ে তৈরি করা হয় দৃষ্টিনন্দন মঞ্চ। অনুষ্ঠানে সিলেট বিভাগের প্রায় অর্ধশত খাসিয়া পুঞ্জির প্রতিনিধিরা অংশ নেন। ঐতিহ্যবাহী পোশাক পরে খাসিয়া তরুণ-তরুণীরা নিজস্ব ভাষায় গান ও পাহাড়ি নৃত্য পরিবেশন করেন। নাচের ছন্দে তারা জুম চাষ, মাছ শিকারসহ নিজেদের দৈনন্দিন জীবন-জীবিকার নানা চিত্র ফুটিয়ে তোলেন।
খাসিয়াদের পাশাপাশি স্থানীয় বাঙালি ও বিপুলসংখ্যক পর্যটকের পদচারণায় উৎসবস্থল সর্বজনীন রূপ নেয়।
মাগুরছড়া পুঞ্জির প্রধান ও উৎসব আয়োজক কমিটির সভাপতি জিডিসন প্রধান সুচিয়াংয়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
খাসি সোস্যাল কাউন্সিলের সেক্রেটারি অনিলজয় ডিখার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, মৌলভীবাজার জেলা বিএনপি কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান এবং যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।
উৎসবকে কেন্দ্র করে মাঠ প্রাঙ্গণে বসেছিল ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। স্টলগুলোতে খাসিয়াদের ঐতিহ্যবাহী পোশাক, পান, তীর-ধনুক ও বাঁশ-বেতের তৈরি নানা পণ্য সাজিয়ে রাখা হয়। এছাড়াও দিনব্যাপী ঐতিহ্যবাহী খেলাধুলা ও স্থানীয় খাবারের আয়োজন ছিল উৎসবের অন্যতম আকর্ষণ।







