কমলগঞ্জে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাজারের চাতলাপুর সড়কস্থ কাপ্তান মার্কেটের ‘পিয়ারা ভবনে’ এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ভবনটির দ্বিতীয় তলার ১১টি কক্ষের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে কাপ্তান মার্কেটের পিয়ারা ভবনের দ্বিতীয় তলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো তলার ১১টি কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
খবর পেয়ে প্রথমে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়লে বাংলাদেশ বিমানবাহিনী শমশেরনগর ইউনিটের ফায়ার সার্ভিস দল এবং মৌলভীবাজার জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে এসে যোগ দেয়। তিনটি দলের সম্মিলিত চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ভবনটির দ্বিতীয় তলায় থাকা ভাড়াটিয়া হকারদের বিপুল পরিমাণ মালামাল, আসবাবপত্র ও ভবনের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভবন ও মালামাল মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বাংলাদেশ বিমানবাহিনী শমশেরনগর ইউনিটের স্কোয়াড্রন লিডার খায়রুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আমাদের ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে কাজ শুরু করে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এ বিষয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফয়েজ আহমদ জানান, সকাল ১০টা ৪২ মিনিটে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়দের পাশাপাশি বিমানবাহিনী ও মৌলভীবাজার সদরের ফায়ার সার্ভিস দলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।







