লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অফিশিয়ালদের নাম ঘোষণা
জুনের ১১ থেকে ১৫ পর্যন্ত চলবে ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের। এই ফাইনালে প্রথমবারের মতো অংশ নিচ্ছে দক্ষিণ আফ্রিকা, যাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ফাইনাল ম্যাচকে সামনে রেখে অফিশিয়ালদের নাম ঘোষণা করল আইসিসি।
ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গাফানি এবং ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। রিচার্ড ইলিংওর্থ, যিনি বর্তমানে আইসিসির বর্ষসেরা আম্পায়ার, ২০২১ ও ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন। এবার তিনি টানা তৃতীয়বার এই দায়িত্বে থাকছেন, যা তাঁর অভিজ্ঞতার প্রমাণ।
গত বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ক্রিস গাফানি। এছাড়াও, ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তিনি দায়িত্ব পালন করেছিলেন। এবারও আইসিসি তার প্রতি আস্থা রেখেছে।
ফাইনালে টিভি আম্পায়ার হিসেবে কাজ করবেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন ভারতের নিতিন মেনন। আর ম্যাচ রেফারি দায়িত্ব পেয়েছেন ভারতের জাভাগাল শ্রীনাথ।
ফাইনালের দুই দলই ইতোমধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে মনোযোগী দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।







