শ্রীমঙ্গলে পরিত্যক্ত জালে আটকে মারা গেল অজগর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরে পলো ও পরিত্যক্ত কারেন্ট জালে আটকে একটি অজগর সাপ মারাত্মক আহত হওয়ার পর অবশেষে মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের ‘রউয়া বিলে’ এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে রউয়া বিলে মাছ ধরতে যান স্থানীয় বাসিন্দা রাজা মিয়া। এ সময় বিলে ফেলে রাখা একটি পরিত্যক্ত জালে অজগর সাপটিকে মুমূর্ষু অবস্থায় পেঁচিয়ে পড়ে থাকতে দেখেন তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’ কর্তৃপক্ষকে জানানো হয়।
সংবাদ পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু সাপটিকে উদ্ধার করেন। জালের সুতোয় মারাত্মকভাবে জড়িয়ে পড়ে সাপটি শক্ত হয়ে গিয়েছিল।
উদ্ধারের পরপরই সাপটিকে দ্রুত চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানে দায়িত্বরত ভেটেরিনারি সার্জন ড. মো. আনোয়ারুল ইসলাম অজগরটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, “খাবার বা আশ্রয়ের সন্ধানে অজগরটি হাওর সংলগ্ন এলাকায় চলে এসেছিল। কিন্তু পরিত্যক্ত জালে আটকে থাকায় দীর্ঘ সময় শ্বাসরোধ হয়ে ও আঘাতপ্রাপ্ত হয়ে এটি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত চেষ্টা করেও সাপটিকে বাঁচানো সম্ভব হয়নি।
পরে মৃত অজগর সাপটিকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। হাইল হাওরাঞ্চলে কারেন্ট জাল ও ক্ষতিকর ফাঁদ ব্যবহারের কারণে বন্যপ্রাণীর এভাবে অকালে প্রাণহানির ঘটনায় স্থানীয় পরিবেশকর্মীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।







