বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ টাকা ও প্রাইভেটকার জব্দ লাউয়াছড়ায় দেখা গেলো বিরল উল্টোলেজি বানর কমলগঞ্জে ৫০০ টাকা মজুরি ও চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্যসহ দুজনকে জরিমানা ও কারাদণ্ড দেওরাছড়া চা বাগানে ৬ সপ্তাহ ধরে বন্ধ মজুরি, চা-শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থী তারেক মিয়ার মতবিনিময় সভা মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

লাউয়াছড়ায় দেখা গেলো বিরল উল্টোলেজি বানর

ডেস্ক রিপোর্ট / ১৩ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬


ঘন সবুজের সমারোহ আর পাখির কলতানে মুখরিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের নিরবতা ভেঙে গাছে গাছে মেতে উঠেছে একদল চঞ্চল অতিথি। হালকা সোনালি-বাদামি পশমে ঢাকা শরীর আর পিঠের দিকে বাঁকানো ছোট লেজ বিপন্ন প্রজাতির ‘উল্টোলেজি বানর’। সাম্প্রতিক সময়ে মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত এই ক্রান্তীয় বৃষ্টিবহুল বনে (রেইনফরেস্ট) দুর্লভ এই প্রাণীর অবাধ বিচরণ প্রাকৃতিক সৌন্দর্য বাড়াতে নতুন মাত্রা যোগ করেছে।

মঙ্গলবার (৪ আগষ্ট) সকালে উদ্যানের গহিন বনের মগডাল থেকে নিচে নেমে আসে একটি বানরের দল। চঞ্চল এই প্রাণীদের বিচরণ দেখতে আশপাশে ভিড় জমান উদ্যানে আসা পর্যটকরা। মুহূর্তেই পুরো এলাকা দর্শনার্থীদের মূল আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়।

প্রাণীবিজ্ঞানীদের কাছে এদের বৈজ্ঞানিক পরিচয় ‘নর্দার্ন পিগ-টেইলড মাকাক’ (Northern Pig-tailed Macaque)। লেজের গঠন উপরের দিকে বাঁকানো হওয়ায় বাংলায় এদের বলা হয় ‘উল্টোলেজি বানর’। তবে অঞ্চলভেদে এরা কেশরওয়ালা সিংহ বানর, কুলু বানর, উলু বানর বা ছোট লেজি বানর নামেও পরিচিত।

সাধারণত ২০ থেকে ২৫টির একটি দল বেঁধে গভীর বনে বাস করে এরা। গাছের ফলমূল, বীজ ও কচি পাতাই এদের খাদ্যের মূল উৎস। লাউয়াছড়া ছাড়াও শ্রীমঙ্গল, কমলগঞ্জ, হবিগঞ্জের সাতছড়ি এবং রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে স্বল্প সংখ্যায় এদের দেখা মেলে।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি আন্তর্জাতিকভাবে ‘সংকটাপন্ন’। অন্যদিকে বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এটি সম্পূর্ণ সংরক্ষিত এক বন্যপ্রাণী।

তবে বনের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথ এই বিপন্ন প্রাণীর জীবনযাত্রাকে চরম ঝুঁকিতে ফেলেছে। প্রায়ই খাবারের সন্ধানে রেললাইনের কাছাকাছি চলে আসে বানরের দলটি। ট্রেনের অনাকাঙ্ক্ষিত ধাক্কায় মাঝেমধ্যেই প্রাণী মৃত্যুর ঘটনা ঘটছে, যা এই দুর্লভ প্রজাতির অস্তিত্বের ওপর বড় এক হুমকি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, উল্টোলেজি বানরের দলটি বর্তমানে লাউয়াছড়ায় নিরাপদেই বিচরণ করছে। আমরা প্রতিনিয়ত এদের চলাচল তদারকি করছি এবং বনে বন্যপ্রাণীবান্ধব ফলদ গাছের চারা রোপণ করছি।

দৈনন্দিন পর্যটন সম্ভাবনার পাশাপাশি এই প্রজাতির টিকে থাকা নিশ্চিত করতে উদ্যানের ভেতরে ট্রেনের গতি নিয়ন্ত্রণ ও কঠোর বন্যপ্রাণী সংরক্ষণ নীতি বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন পরিবেশপ্রেমীরা।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর