কমলগঞ্জে ৫০০ টাকা মজুরি ও চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি দ্রুত বাস্তবায়ন এবং শ্রম অধিদপ্তরের অবৈধ হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ফুঁসে উঠেছেন চা শ্রমিকরা।
মঙ্গলবার সকাল ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের প্রধান ফটকের সামনে ‘সাধারণ চা শ্রমিক ও ছাত্র যুবসমাজ’-এর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় সংসদে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার বিষয়টি নিয়ে আলোচনা হলেও পরবর্তীতে তা থেকে সরে আসা হয়েছে, যা সাধারণ চা শ্রমিকদের সাথে চরম প্রতারণা ও বৈষম্যের সামিল। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই বাজারে বর্তমান মজুরি দিয়ে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। অবিলম্বে ৫০০ টাকা দৈনিক মজুরি নির্ধারণ করার দাবি জানান আন্দোলনকারীরা।
সমাবেশে মাধবপুর চা বাগানের বর্তমান তীব্র মানবিক সংকটের কথা তুলে ধরে বক্তারা বলেন, গত টানা চার সপ্তাহ ধরে বাগানের শ্রমিকদের মজুরি বকেয়া রয়েছে। ফলে শত শত শ্রমিক পরিবার এখন অনাহারে- অর্ধাহারে মানবেতর দিন কাটাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বকেয়া মজুরিসহ শ্রমিকদের সকল আইনসিদ্ধ পাওনা পরিশোধের জন্য সংশ্লিষ্টদের হুঁশিয়ারি দেন তারা।
এছাড়া শ্রমিকদের নিজস্ব সংগঠন ‘চা শ্রমিক ইউনিয়ন’-এ শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ বন্ধ করে অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
চা শ্রমিক নারী নেত্রী গীতা রানী কানুর সভাপতিত্বে ও পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাধবপুর চা বাগানের শ্রমিক আশা কির্মী, লিপা কাহার গীতা, গায়েত্রী কৈরী, সোনামণি রাজবংশী এবং তিলকপুর চা বাগানের শ্রমিক নেতা জনক লাল দেশোয়ারা ও গোপাল যাদবসহ সাধারণ ছাত্র-যুব প্রতিনিধিরা।
সমাবেশ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন চা শ্রমিক নেতারা।







