১৪ বছরে ৫০ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি ইসির
গত ১৪ বছরে ৫০ লাখের বেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি করছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৭ মে) জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ইসি কর্মকর্তা জানান, ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ১৪ বছর হয়েছে। এ ১৪ বছরে আমরা নাগরিকদের প্রায় ৫০ লাখের বেশি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছি। তবে প্রতিনিয়তই আবেদন আসায় এ আবেদন একবারে শূন্য নামিয়ে আনা সম্ভব হচ্ছে না।’
প্রতিবেদন থেকে জানা যায়, ২০১১ সাল থেকে এখন পর্যন্ত এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি হয়েছে ৫০ লাখ ৬৮ হাজার ৮৩৩ টি। যার মধ্যে অনুমোদন হয়েছে ৩২ লাখ ৬৯ হাজার ৫৩৮ টি। হারানো কার্ড প্রিন্ট করা হয়েছে ৭ লাখ ৯৫ হাজার ৩৭১টি। কেন্দ্রে পাঠানো হয়েছে ৩০ হাজার ২৪৭টি। ভোটারের কাছে ফেরত পাঠানো হয়েছে এমন আবেদন ৩৪ হাজার ৮৮টি। বাতিল করা হয়েছে ৯ লাখ ৩৯ হাজার ৫৮৯টি।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, জেলা পর্যায়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পর্যায়ে এনআইডি সংশোধনের যে ক্ষমতা ছিল, সেটা জেলা অফিসারকেও দায়িত্ব দিচ্ছি। মানুষের সেবা নিশ্চিত করা জন্য যৌক্তিক আবেদনগুলো কমিশন দ্রুত অনুমোদন দিচ্ছে। কমিশন ও সচিবালয় আমরা সবাই মিলে মানুষকে দ্রুত সেবা দিতে চাই।’
সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।







