কমলগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে লাগাটা নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুল মালিক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার শমশেরনগর সংলগ্ন লাগাটা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালিক উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় কয়েকজনের সঙ্গে লাগাটা নদীতে মাছ ধরতে যান আব্দুল মালিক। মাছ ধরার একপর্যায়ে তিনি প্রস্রাব করার কথা বলে নদীর তীরে ওঠেন। এর কিছুক্ষণ পর সঙ্গীদের কাছ থেকে আনুমানিক ২০–২৫ হাত দূরে সরে গিয়ে তিনি পুনরায় নদীতে নামেন।
নামার পরপরই তিনি হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে থাকা লোকজন দ্রুত এগিয়ে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদী থেকে তাকে উদ্ধার করা হলে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কমর উদ্দিন জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ খোঁজখবর নিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, পানিতে নামার পর মৃগী রোগের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।







