শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর

হালচাল ডেস্ক / ৫ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬


মৌলভীবাজারের কমলগঞ্জে গভীর রাতে একটি রাইস মিলসহ তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতা ও জমি দখলের জেরে সংঘটিত এ হামলায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনাসদস্য বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুলের হাওর এলাকায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য (সার্জেন্ট) মো. বদিউজ্জামানের মালিকানাধীন একটি রাইস মিল, একটি ওয়েল্ডিংয়ের দোকান ও একটি কফি হাউজ রয়েছে। শুক্রবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত সেখানে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে অস্ত্রের মুখে মিলের কেয়ারটেকারকে জিম্মি ও প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে বের করে দেয়।

পরবর্তীতে দুর্বৃত্তরা রাইস মিলের মোটর, ধান, হলুদ-মরিচ ও চাল গুঁড়া করার বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি, ওয়েল্ডিং কারখানার সরঞ্জামাদি, গ্রাহকদের অর্ডারি মালামাল, চারটি সাটার, বৈদ্যুতিক ফ্যান, লোহার জানালা এবং একটি পাওয়ার টিলারসহ অন্তত ৭ লাখ ৬৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। শুধু লুটপাটই নয়, হামলাকারীরা দুটি দোকানের পাকা দেয়াল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আনুমানিক ৮ লাখ টাকার অবকাঠামোগত ক্ষতিসাধন করে।

হামলার খবর পেয়ে মো. বদিউজ্জামান দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয়। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

ভুক্তভোগী মো. বদিউজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, “পরিকল্পিতভাবে জমি দখল ও আমাকে আর্থিকভাবে পঙ্গু করতে এই তাণ্ডব চালানো হয়েছে। আমি প্রশাসনের কাছে এ বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, “ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর