কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় দেশব্যাপী সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পুরো উপজেলায় একযোগে এই বিশেষ কর্মসূচি শুরু হয়। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এডিস মশার বিস্তার রোধ এবং ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী তিন মাস কমলগঞ্জ পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও আবাসিক এলাকায় নিয়মিত মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। একই সাথে জমে থাকা স্বচ্ছ পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
কর্মসূচির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার জানান, ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সমন্বিত সামাজিক সচেতনতা। নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা এবং ফুলের টব বা পাত্রে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অভিযানের উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।







