কমলগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১৯ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী বর্তমানে কমলগঞ্জে বসবাস করছেন। গত ৯ আগস্ট রাতে শমসেরনগর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরবর্তীতে নির্জন স্থানে নিয়ে গিয়ে তার ওপর সংঘবদ্ধ ধর্ষণ চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বুধবার (১২ আগস্ট) ভোরে কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ওই দুই আসামিকে গ্রেপ্তার করে।
বর্তমানে ভুক্তভোগী তরুণী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং এজাহারভুক্ত দুই আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”







