পৃথিবীর ঋতুচক্রের ছন্দে ব্যাঘাত, হুমকিতে মানুষসহ সব প্রজাতি
বিশ্বজুড়ে ঋতুগত পরিবর্তনের যে প্রক্রিয়া চলছে, তা দিন দিন গভীর উদ্বেগের কারণ হয়ে উঠছে। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর ঋতুর স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটছে, যার প্রভাব পড়ছে প্রাকৃতিক বাস্তুতন্ত্রের ওপর।
এ পরিবর্তন শুধু প্রকৃতি বা প্রাণিকুলের ওপর নয়, বরং মানুষ এবং তার সংস্কৃতি, কৃষি ও জীবনধারাও এর প্রভাবে পরিবর্তিত হচ্ছে। বনাঞ্চল থেকে শুরু করে বরফে ঢাকা মেরু অঞ্চল পর্যন্ত এই পরিবর্তনের ছাপ স্পষ্ট হয়ে উঠছে।
ঋতুচক্র শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। উদ্ভিদের বৃদ্ধিচক্র, প্রাণীদের স্থানান্তর এবং মানুষের কৃষিভিত্তিক সংস্কৃতি যেমন ফসল কাটার উৎসব বা জাপানের চেরি ফুল দেখা— সবকিছুর সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে ঋতুর পরিবর্তন।
তবে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, জলবায়ু পরিবর্তন ও মানুষের কর্মকাণ্ড এই ঋতুচক্রের স্বাভাবিক গতিকে ব্যাহত করছে। মানুষের পক্ষে হয়তো নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো সম্ভব, কিন্তু অন্যান্য জীবপ্রজাতির পক্ষে তা সম্ভব নয়। ফলে অনেক প্রজাতিই ঝুঁকির মুখে পড়ছে।
নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ড্যানিয়েল হার্নান্দেজ ক্যারাসকো জানান, ঋতু পরিবর্তনের কারণে প্ল্যাঙ্কটনের বৃদ্ধি, মাছের জীবনচক্র এবং পরিবেশগত অনেক প্রক্রিয়া মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে।
মাছের জীবনচক্রে পরিবর্তন ঘটায় মৎস্যশিল্পে নেমে আসতে পারে বড় ধরনের বিপর্যয়। মৌসুমি প্রাণীদের অভিবাসন ক্ষতিগ্রস্ত হলে, তা পর্যটন শিল্পেও নেতিবাচক প্রভাব ফেলবে।
- ঋতু পরিবর্তনের এ প্রভাব শুধু বাস্তুতন্ত্রের জন্য নয়, মানুষের জীবনব্যবস্থাও এতে হয়ে উঠতে পারে অস্থিতিশীল।
এই পরিবর্তনের কারণে হিমবাহ গলে যাচ্ছে স্বাভাবিক সময়ের আগেই, তুষারপাতের নিয়মিত ধারা বদলে যাচ্ছে, এবং পৃথিবীর অনেক অংশে মৌসুমি বৃষ্টিপাতের চক্রেও বড় ধরনের অসামঞ্জস্য দেখা যাচ্ছে।
ঋতুর পরিবর্তনে পরিযায়ী পাখিদের আগমন-প্রস্থান সময় বদলে যাচ্ছে, পোকামাকড় ও উভচর প্রাণীর জীবনচক্রে অস্থিরতা দেখা দিচ্ছে, এমনকি বড় স্তন্যপায়ী প্রাণীর প্রজননেও এসেছে ব্যাঘাত।







