বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ শ্রীমঙ্গলে ধুলাবালি থেকে স্বস্তি দিতে সড়কে পৌরসভার পানি ছিটানোর উদ্যোগ ধলই সীমান্তে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ কমলগঞ্জে এক রাতে মসজিদের দানবাক্সসহ ৭ দোকানে দুর্ধর্ষ চুরি মৌলভীবাজার ডিসি অফিসে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

রিপোর্টার : / ৬ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপামজয়ী ইরানি নির্মাতা জাফর পানাহিকে নতুন একটি মামলায় পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন তেহরানের আদালত। একই সঙ্গে তাঁর সম্পদ বাজেয়াপ্ত এবং দুই বছরের জন্য বিদেশ ভ্রমণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত বছর রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে এক বছরের কারাদণ্ড পেয়েছিলেন এই নির্মাতা। নতুন রায়ের ফলে আবারও অনিশ্চয়তার মুখে পড়েছেন ৬৬ বছর বয়সী পানাহি। তবে নতুন মামলায় তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
বুধবার (২৮ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও মার্কিন সাময়িকী ভ্যারাইটি পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদকে পানাহির আইনজীবী মোস্তফা নিলি জানিয়েছেন, তাঁর মক্কেলের অনুপস্থিতিতেই আদালত নতুন রায় দিয়েছেন। এমনকি শুনানির তারিখ সম্পর্কেও পানাহিকে আগে জানানো হয়নি।

ব্যাংক হিসাব জব্দের পর জানা গেল রায়
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহে হঠাৎ পানাহির ব্যাংক হিসাবগুলো জব্দ করা হয়। বিষয়টি জানতে তিনি পানাহিকে সঙ্গে নিয়ে তেহরানের প্রসিকিউটরের কার্যালয়ে যান। সেখানে গিয়ে জানতে পারেন, আদালত ইতিমধ্যে নতুন মামলার রায় দিয়েছেন।

ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, মামলার নথিতে পানাহিকে ইরানের বাইরে বসবাসকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ চলতি বছরের ৩০ মার্চ তিনি ইরানে ফিরে এসেছেন। নতুন রায়ের পাশাপাশি তাঁর আগের এক বছরের কারাদণ্ডও বহাল রয়েছে। তবে দুটি রায়ের সাজা কীভাবে কার্যকর করা হবে, তা এখনো নিশ্চিত নয়।
দ্য গার্ডিয়ানকে মোস্তফা নিলি জানিয়েছেন, পানাহির বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা বিচারিক প্রক্রিয়ায় রয়েছে। এদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে ইউরোপে বসবাসকারী পানাহির এক বন্ধু জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় তাঁর সঙ্গে নির্মাতার কথা হয়েছে। তখন পর্যন্ত তাঁকে আটক করা হয়নি। এর পর থেকে তাঁর আটক হওয়ার কোনো নিশ্চিত তথ্যও বুধবারের প্রকাশিত প্রতিবেদনগুলোতে পাওয়া যায়নি।

সম্পদ বাজেয়াপ্তের বৈধতা নিয়ে প্রশ্ন
পানাহির সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ নিয়েও প্রশ্ন উঠেছে। ইরানের অধিকারকর্মীদের আইনি পরামর্শদাতা প্রতিষ্ঠান দাদবানের মানবাধিকার আইনজীবী মইন খাজায়েলি দ্য গার্ডিয়ানকে বলেছেন, সম্পত্তির সঙ্গে অভিযোগের সুস্পষ্ট আইনগত সম্পর্ক প্রতিষ্ঠা করা না গেলে এ ধরনের বাজেয়াপ্তের নির্দেশ ইরানের সংবিধান লঙ্ঘন করতে পারে।
নতুন রায় নিয়ে উদ্বেগ জানিয়েছেন ইরানের চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন শিল্পীও। মোহাম্মদ রাসুলফ পরিচালিত ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ ছবির অভিনেত্রী সেতারেহ মালেকি দ্য গার্ডিয়ানকে বলেছেন, পানাহির মতো নির্মাতাদের গল্প দেশের সীমানা পেরিয়ে বিশ্বে পৌঁছে যাওয়াই কর্তৃপক্ষের অস্বস্তির কারণ।

ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেত্রী নাজানিন বনিয়াদিও এ রায়ের নিন্দা জানিয়েছেন। তাঁর মতে, দীর্ঘদিন ধরে পানাহি নিজের চলচ্চিত্রের মাধ্যমে ইরানের মানুষের দুর্ভোগ ও প্রতিরোধের কথা তুলে ধরেছেন। নতুন কারাদণ্ড সেই কণ্ঠ রুদ্ধ করার আরেকটি চেষ্টা।

নিষেধাজ্ঞা পেরিয়ে স্বর্ণপাম জয়
ইরানের প্রভাবশালী নির্মাতাদের একজন জাফর পানাহি। গত দুই দশকে একাধিকবার দেশটির কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে জড়িয়েছেন তিনি। ২০১০ সালে তাঁর চলচ্চিত্র নির্মাণ, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা ও বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেও গোপনে চলচ্চিত্র নির্মাণ চালিয়ে যান তিনি।
‘দ্য সার্কেল’, ‘অফসাইড’, ‘দিস ইজ নট আ ফিল্ম’, ‘ট্যাক্সি’ ও ‘নো বেয়ার্স’-এর মতো চলচ্চিত্র তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। ২০১৫ সালে ‘ট্যাক্সি’ ছবির জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণভালুক জয় করেন। ২০১৮ সালে ‘থ্রি ফেসেস’ ছবির জন্য পান কান চলচ্চিত্র উৎসবের চিত্রনাট্য পুরস্কার।
২০২২ সালের জুলাইয়ে ইরানের কয়েকজন নির্মাতার গ্রেপ্তারের প্রতিবাদ ঘিরে পানাহি নিজেও গ্রেপ্তার হন। প্রায় সাত মাস কারাবন্দী থাকার পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে জামিনে মুক্তি পান তিনি।
২০২৫ সালে ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ চলচ্চিত্রের জন্য কান উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জয় করেন পানাহি। ছবিটি ৯৮তম অস্কারে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ফ্রান্সের প্রতিনিধিত্ব করে মনোনয়নও পায়।
পানাহির নিজের কারাবাসের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত ছবিটির গল্প। কয়েকজন সাবেক রাজনৈতিক বন্দী এক ব্যক্তিকে তাঁদের ওপর নির্যাতন চালানো কারারক্ষী বলে সন্দেহ করেন। এরপর প্রতিশোধ, ন্যায়বিচার ও নৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে এগিয়ে যায় কাহিনি।

কারাদণ্ড মাথায় নিয়েই দেশে ফিরেছিলেন
২০২৫ সালের ডিসেম্বরে রাষ্ট্রবিরোধী প্রচারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে পানাহিকে এক বছরের কারাদণ্ড দেন ইরানের আদালত। পাশাপাশি তাঁর বিদেশ ভ্রমণ ও রাজনৈতিক বা সামাজিক সংগঠনে যুক্ত হওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। সে সময় তিনি নতুন ছবির আন্তর্জাতিক প্রচারণায় দেশের বাইরে ছিলেন।
কারাদণ্ডের ঝুঁকি থাকা সত্ত্বেও চলতি বছরের মার্চে ইরানে ফিরে আসেন পানাহি। দেশে ফেরার সিদ্ধান্ত সম্পর্কে এর আগে ভ্যারাইটিকে জানিয়েছিলেন, নিজের দেশেই থাকতে ও কাজ করতে চান তিনি। কারাদণ্ড কার্যকর করা হলেও দেশে ফেরার সিদ্ধান্ত বদলাবেন না।

এদিকে চলতি বছরের শুরুতে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সহিংস পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন নির্মাতা। তাঁর আশঙ্কা, রাষ্ট্রীয় দমনপীড়ন চলতে থাকলে সহিংসতার চক্র থেকে বেরিয়ে আসা আরও কঠিন হয়ে পড়বে।
সর্বশেষ রায় পানাহির ভবিষ্যৎ চলচ্চিত্র নির্মাণ এবং ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে বুধবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নতুন মামলার অভিযোগের বিস্তারিত, রায় কার্যকরের সময় এবং আগের কারাদণ্ডের সঙ্গে নতুন সাজা কীভাবে কার্যকর হবে—এসব বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর