মৌলভীবাজার ডিসি অফিসে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের ২০তম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। একই সাথে নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের প্রতারক বা দালাল চক্রের ফাঁদে পা না দিতে চাকরিপ্রার্থীদের সতর্ক করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০তম গ্রেডের অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী এবং মালী পদের মোট ১৮টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে আগামী ৩০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ (শুক্রবার) সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষাগুলো মৌলভীবাজারের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল এবং হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ০১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (রবিবার)।
প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, সম্পূর্ণ নিয়োগ কার্যক্রম শতভাগ স্বচ্ছতা, মেধা ও নিরপেক্ষতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। এ নিয়োগের বিষয়ে কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে পড়ে কাউকে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। কেউ চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনার আহ্বান জানানো হয় এবং এ ধরনের অপকর্মে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।







