কমলগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র্যালি অনুষ্ঠিত
মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য মোবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল থেকে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এবং বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে কমলগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিশ্বমানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ধারণ ও লালন করার মাধ্যমেই সমাজে শান্তি এবং সৌহার্দ্য প্রতিষ্ঠা সম্ভব। প্রিয় নবীর জীবনাদর্শ অনুসরণের মধ্যেই মুসলিম উম্মাহর প্রকৃত সফলতা নিহিত।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মূল্যবান নসিহত পেশ করেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা মুফতি মো. সামছুল ইসলাম। তিনি রাসূলুল্লাহ (সা.)-এর আগমন ও তাঁর জীবনাদর্শের ওপর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন।
আলোচনা সভা শেষে দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে এক বিশাল মোবারক র্যালি বের করা হয়। র্যালিটি কমলগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে ‘ইয়া নবী সালামু আলাইকা’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। সবশেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।







