বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে এক রাতে মসজিদের দানবাক্সসহ ৭ দোকানে দুর্ধর্ষ চুরি মৌলভীবাজার ডিসি অফিসে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

মৌলভীবাজারে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

ডেস্ক রিপোর্ট / ৯৫ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও অনুসন্ধানী সাংবাদিক মো. এহসানুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে শ্রীমঙ্গল প্রেস ক্লাব।

প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, কাওছার ইকবাল, সৈয়দ আমিরুজ্জামান, সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, কার্যকরী সদস্য আবুজার বাবলা ও মামুন আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন দৈনিক নয়াদিগন্তের এম এ রকিব, ইত্তেফাকের সৈয়দ ছায়েদ আহমদ, দিনকালের রুবেল আহমেদ এবং ভোরের ডাকের আমজাদ হোসেন বাচ্চু।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গলের সভাপতি আমজাদ হোসেন রনি, ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসান নাঈম, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী এবং অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি-স্বাস্থ্য), টিআইবির যুগ্ম আহ্বায়ক মসুদ হোসেনসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য আলতাফুর রহমান নাজমুল হাসান দীর্ঘদিন ধরে প্রতারণা, জালিয়াতি ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তিনি মামলা দিয়ে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালান বলেও অভিযোগ করা হয়। এ ধরনের কর্মকাণ্ডে সরকারি কর্মকর্তারাও ভুক্তভোগী বলে দাবি করেন বক্তারা।

তারা বলেন, আলতাফুর রহমানের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছয় মাস পর একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

সমাবেশ থেকে অবিলম্বে এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আলতাফুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করা হয়।

এদিকে, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন বলেন, এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর