ইংরেজি শিক্ষায় ভীতি দূর করতে কমলগঞ্জে ‘ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা’ অনুষ্ঠিত
ইংরেজি শিক্ষার ভীতি দূরীকরণ এবং ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হলো ‘ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা’। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ’ (জিএনবি)-এর আয়োজনে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়।
উপজেলার প্রাথমিক পর্যায়ের ৩০টি বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক বাছাই শেষে শীর্ষ ৯০ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় উপজেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী ৫ বিজয়ীদের মধ্যে প্রথম স্থান ফাতেমা আক্তার (গুড নেইবারস বাংলাদেশ একে বাংলা স্কুল), দ্বিতীয় স্থান দীপনারায়ণ দাস (কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়), তৃতীয় স্থান জান্নাতুল হক জাইমা (কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়),
চতুর্থ স্থান উৎস দাস (ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়), পঞ্চম স্থান জোহা আরফিন রাহি (একে বাংলা স্কুল)। চূড়ান্ত পর্বে বিজয়ী এই পাঁচ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সি.ডি.পি.-র প্রকল্প ব্যবস্থাপক এন্ড্রিকো মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদার।
একে বাংলা স্কুলের সহকারী শিক্ষক নীহার কান্তি দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ এবং শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ।
প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, “বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নতুন প্রজন্মকে ইংরেজি ভাষায় দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভাষা শিক্ষার ভয় দূর করে তাদের বৈশ্বিক নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করতে সাহায্য করবে।” বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান এবং দেশব্যাপী এমন উদ্যোগ ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ২০১৬ সাল থেকে গুড নেইবারস বাংলাদেশ জাতীয় পর্যায়ে নিয়মিত এই ‘ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা’ আয়োজন করে আসছে।







