টঙ্গীতে জোড় ইজতেমায় ৩ দিনে ৫ মুসল্লির মৃত্যু
গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজাম আয়োজিত চলমান পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার তিন দিনে পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। আজ রবিবার (৩০ নভেম্বর) আয়োজক কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
মারা যাওয়া মুসল্লিরা হলেন সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার আব্দুল জহিরের ছেলে আবুল আসাদ বাদল (৬২), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকায় নাজির উদ্দিনের ছেলে মইনইউদ্দিন (১০০), জামালপুর সদর থানার কেন্দুয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে আশরাফ আলী (৬০), জামালপুরের সরিষাবাড়ি থানার বগারপাড় গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মো. চাঁন মিয়া (৬০) ও নোয়াখালী সদর থানার আন্ডারচর কাজীর তালুক গ্রামের সুলতান আহমাদের ছেলে মো. নূর আলম (৮০)।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান পাঁচ মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
টঙ্গীর ইজতেমা ময়দানে গত শুক্রবার (২৮ নভেম্বর) জোড় ইজতেমা শুরু হয়। আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ জোড় ইজতেমা।







