ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বন ক্যাম্প এলাকায় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেসের ছাদ থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের ধাক্কায় ছিটকে পড়ে মো. রাজু মিয়া (৩৫) নামের ওই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আহত রাজু মিয়া সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে রাজু মিয়া ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ৮ টার দিকে ট্রেনটি লাউয়াছড়া বনের বাঘমারা ক্যাম্প এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা দুই ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা রাজুর মোবাইল ফোন ও সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেয় এবং একপর্যায়ে তাকে চলন্ত ট্রেন থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি ট্রেনের লাইন সংলগ্ন বনাঞ্চলে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঘটনাটি দেখতে পেয়ে মিজানুর রহমান নামের এক স্থানীয় বাসিন্দা তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত ও আহত অবস্থায় রাজু মিয়াকে উদ্ধার করে। পরবর্তীতে উন্নত চিকিৎসা ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কমর উদ্দিন বলেন, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেয়। যেহেতু ঘটনাটি ট্রেনের এবং রেললাইনের আওতাধীন, তাই বিষয়টি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে অবগত করে তাদের কাছে আহত ব্যক্তিকে বুঝিয়ে দেওয়া হয়েছে।







