অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত নয়: রিজভী
গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের এখনও কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনও পুনরুদ্ধার হয়নি, আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমাদেরকে হয়ত আরও বিপদসংকুল পথ অতিক্রম করতে হবে। এই কারণে আমাদের দলের সব পর্যায়ের নেতাকর্মী ও জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত। আমাদের অবাধ, সুষ্টু নির্বাচন এখনও নিশ্চিত হয়নি। আমরা নানা ধরনের চক্রান্তের কথা শুনি। নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি।’
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনকে সুসংগঠিত করেছেন। তবে গণতন্ত্র এখনও পুনরুদ্ধার হয়নি। এজন্য আরও কঠিন পথ অতিক্রম করতে হতে পারে।’







