বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি

দুই শত বছরের ঐতিহ্যে ছয়চিরি দিঘীর পাড়ে চড়ক পূজা: লোকজ আচার আর মেলায় উৎসবের ঢল

ডেস্ক রিপোর্ট / ৮৮ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

চৈত্রের শেষ বিকেলের রোদ যখন ধীরে ধীরে নরম হয়ে আসে, তখনই যেন নতুন প্রাণ ফিরে পায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ছয়চিরি দিঘীর পাড়। প্রায় দুই শত বছরের পুরোনো চড়ক পূজা আর গ্রামীণ মেলাকে ঘিরে এ জনপদ তখন পরিণত হয় এক মিলনমেলায়—ধর্ম, সংস্কৃতি আর লোকজ ঐতিহ্যের এক অনন্য সমাহারে।

গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এই উৎসব সকাল থেকেই টেনে আনে হাজারো মানুষকে। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড়ে দিঘীর চারপাশ যেন জনসমুদ্রে রূপ নেয়। কেবল স্থানীয় মানুষ নয়, দেশ-বিদেশের পর্যটকরাও ছুটে আসেন এই বিরল আয়োজন প্রত্যক্ষ করতে।

উৎসবের প্রাণ ছিল চিরাচরিত তান্ত্রিক আচার-অনুষ্ঠান। চারপাশে ঢাকের শব্দ, ধূপের গন্ধ আর ভক্তদের উচ্চারণে এক অন্যরকম আবহ তৈরি হয়। সবচেয়ে আকর্ষণীয় ছিল চড়ক গাছে সন্ন্যাসীদের ঘোরানো—পিঠে বড়শি গেঁথে আকাশে ঝুলে থাকা সেই দৃশ্য দর্শকদের শিহরিত করে। একই সঙ্গে জ্বলন্ত আগুনের ওপর ‘কালীনাচ’ এবং ধারালো দায়ের ওপর ‘শিব শয্যা’—এসব রোমাঞ্চকর আচার যেন লোকবিশ্বাস ও আধ্যাত্মিকতার এক নাটকীয় প্রকাশ।

জানা যায়, প্রায় ১০ থেকে ১২ দিন ব্রত পালন শেষে ৪০ থেকে ৫০ জন সন্ন্যাসী এই দিনে তাদের কৃচ্ছ্রসাধনের সমাপ্তি ঘটান। দিঘীর উত্তর, পূর্ব ও দক্ষিণ পাড়ে স্থাপিত চারটি চড়ক গাছকে কেন্দ্র করে চলে পূজা ও আচার। ভক্তরা ফুল, দুধ ও চিনি নিবেদন করে পূজা দেন, প্রার্থনা করেন মঙ্গল ও কল্যাণের।

পূজার পাশাপাশি বসে বৃহৎ গ্রামীণ মেলা, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। নাগরদোলার ঘূর্ণন, শিশুদের উচ্ছ্বাস, আর মাটির তৈজসপত্র ও বাঁশ-বেতের পণ্যের দোকানে ক্রেতাদের ভিড়—সব মিলিয়ে এক চিরচেনা গ্রামীণ বাংলার ছবি। খৈ-বাতাসার দোকানগুলোতেও ছিল উপচে পড়া ভিড়।

চড়ক পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিরুদ্ধ প্রসাদ রায় চৌধুরী বলেন, ‘এই আয়োজন এখন শুধু ধর্মীয় উৎসবের গণ্ডিতে সীমাবদ্ধ নেই; বরং এটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। বিভিন্ন ধর্ম, বর্ণ ও পেশার মানুষ একসঙ্গে মিলিত হয়ে এই উৎসবকে করে তোলেন সবার।’

উৎসবকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল পুলিশ, র‌্যাব এবং স্থানীয় স্বেচ্ছাসেবক বাহিনী। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও মেলা পরিদর্শন করেন এবং পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের সমাপনী হবে বুধবার (১৫ এপ্রিল)। একই সময়ে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান মাঠেও অনুষ্ঠিত হয়েছে চড়ক পূজা ও মেলা। উভয় আয়োজনেই হাজারো মানুষের অংশগ্রহণে তৈরি হয়েছে এক আনন্দঘন, উৎসবমুখর পরিবেশ।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর