কমলগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা সম্পন্ন হয়।
সভার শুরুতে প্রধান অতিথি মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী সভাস্থলে পৌঁছালে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অপরাধী যে দলেরই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাসুক মিয়া, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমুখ।

বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা আরও বাড়ানোর অনুরোধ জানান। বিশেষ করে গ্রাম পর্যায়ে অপরাধ নির্মূলে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন।
উক্ত সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার সার্বিক নিরাপত্তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।







