জুলাই বিপ্লবে শহীদদের গণকবর শনাক্ত ও স্মৃতি সংরক্ষণের দাবি
জুলাই বিপ্লবে শহীদদের গণকবর শনাক্তকরণ এবং স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স এবং জুলাই কমিউনিটি এলায়েন্স মিরপুর সংগঠনের নেতারা।
বুধবার (২৮ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নেতারা এ দাবি জানান।
জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন, শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের বাবা মো. আব্দুল মতিন, গণকবরে সমাহিত শহীদ আসাদুল্লাহর স্ত্রী ফারজানা আক্তার, শহীদ সোহেল রানার ভাই আলভি নাবিল, জুলাই কমিউনিটি এলায়েন্স মিরপুরের সমন্বয়কারী মোহাম্মদ রোমেল এবং তরুণ কবি ও গবেষক ইমরান মাহফুজ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শহীদদের গণকবর অরক্ষিত, অশনাক্ত অবস্থায় পড়ে আছে। তারা শহীদদের ব্যাপারে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ডিএনএ টেস্টের মাধ্যমে প্রত্যেকটি গণকবর শনাক্ত, শনাক্ত হওয়ার পর প্রতিটি কবরের উপর শহীদের নাম সংবলিত নামফলক স্থাপন, কবরস্থানের একটি মর্যাদাপূর্ণ নামকরণ, জুলাই ঘোষণাপত্রে গণকবর বিষয়ে স্পষ্ট উল্লেখ করাসহ পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামী ১ জুলাই থেকে মন্ত্রণালয়ের সামনে লাগাতার অনশন কর্মসূচি শুরু করার ঘোষণা দেওয়া হয়। বক্তারা জানান, শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বিস্মৃত হতে দেওয়া হবে না।







