খাবারের খোঁজে লোকালয়ে অজগর, গোয়ালঘর থেকে অক্ষত উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে ঢুকে পড়া ৯ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার ভাড়াউড়া ৫ নম্বর বস্তি কোয়ার্টার এলাকার একটি বসতবাড়ির গোয়ালঘর থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিনের বাড়ির গোয়ালঘরে হঠাৎ বিশালাকার অজগরটি দেখতে পান পরিবারের সদস্যরা। এর আগেই সাপটি গোয়ালঘরে থাকা চার দিন বয়সী একটি মুরগি গিলে ফেলে নড়াচড়ার ক্ষমতা হারিয়ে এক কোণে কুণ্ডলী পাকিয়ে বসে থাকে। বিষয়টি জানাজানি হলে আশপাশের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আতঙ্কিত গৃহকর্তা তাৎক্ষণিকভাবে খবর দেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে। সংবাদ পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা পেশাদার কৌশলে কোনো প্রকার আঘাত ছাড়াই সাপটিকে নিরাপদে উদ্ধার করে খাঁচাবন্দী করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে এসেছিল। সাপটি পুরোপুরি অক্ষত ও সুস্থ রয়েছে। উদ্ধারের পর অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় শারীরিক পর্যবেক্ষণ শেষে এটিকে গভীর বনে অবমুক্ত করা হবে।







