কমলগঞ্জে পুলিশের মোবিলাইজেশন ড্রিল পরিচালিত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় সড়কে শৃঙ্খলা ফেরানো, নিরাপত্তা জোরদার এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে চালকদের সচেতন করার লক্ষ্যে এক ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনব্যাপী চৌমুহনী এলাকায় কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানকালে সড়কে চলাচলকারী বিভিন্ন গণপরিবহন, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। একই সাথে ট্রাফিক আইন অমান্য করে গাড়ি না চালানো এবং হেলমেট পরিধানের গুরুত্ব সম্পর্কে চালকদের সতর্ক ও সচেতন করা হয়।
অভিযানের সময় প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ১৩টি মোটরসাইকেল আটক করা হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অপরাধে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কমর উদ্দিনের প্রত্যক্ষ নির্দেশনায় থানা পুলিশের একটি চৌকস দল এ ড্রিল ও অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কমর উদ্দিন জানান, “সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে সচেতন করা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতেই আমাদের এই মোবিলাইজেশন ড্রিল। অনিয়ম ও অপরাধ রোধে পুলিশের এই ধরনের সচেতনতামূলক ও তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সড়কে শৃঙ্খলা ফেরাতে কমলগঞ্জ থানা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ পথচারীরা।







