মৌলভীবাজারে দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
মৌলভীবাজার সদর উপজেলার দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দুটিতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও তাঁর দল।
অভিযানের প্রথমে সদর উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সোনার বাংলা ফাউন্ডেশন নামের একটি ডায়ালাইসিস সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানে ওষুধ যথাযথ নিয়মে সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এরপর পুরাতন হাসপাতাল রোড এলাকার আল হামরা (প্রাঃ) হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। সেখানে পোস্ট-অপারেটিভ রুমের ব্যবস্থাপনায় অনিয়ম এবং অটোক্লেভ (স্টেরিলাইজেশন) রুম অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে একই আইনে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই জরিমানার অর্থও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে যথাযথ মান, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’
প্রশাসনের এ ধরনের তদারকি ও আইনানুগ ব্যবস্থা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অনিয়ম নিয়ন্ত্রণ এবং রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।







