শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওর সংলগ্ন একটি ধানক্ষেত থেকে অক্ষত অবস্থায় একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। স্থানীয় এক যুবকের সময়োপযোগী সচেতনতা এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের দ্রুত পদক্ষেপে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে সাপটি।
রবিবার (২ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে হাইল হাওরে আমন ধান রোপণের জন্য ক্ষেত পরিষ্কার করছিলেন স্থানীয় কৃষকরা। এ সময় হঠাৎ তারা একটি বিশালাকার অজগর দেখতে পান। লোকালয়ে সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন সেখানে উপস্থিত সবাই। প্রাথমিক অবস্থায় সাপটি উদ্ধারের জন্য বন্যপ্রাণী কর্মীদের যোগাযোগের নম্বর না পেয়ে, নিরাপত্তার কথা ভেবে তারা সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন।
ঠিক সে মুহূর্তেই এগিয়ে আসেন মুহিবুর রহমান নামের স্থানীয় এক পরিবেশ সচেতন যুবক। তিনি উপস্থিত সবাইকে বুঝিয়ে সাপটি না মারার জন্য বিনীত অনুরোধ জানান এবং নিজ দায়িত্বে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা চালাতে থাকেন। দীর্ঘ প্রচেষ্টার পর তিনি ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’ এর মোবাইল নম্বর সংগ্রহ করে বিষয়টি দ্রুত ফোনে জানান।
খবর পাওয়ামাত্রই বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা পেশাদারিত্ব ও অত্যন্ত দক্ষতার সাথে অজগর সাপটিকে বিন্দুমাত্র আঘাত না করে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
পরিবেশ সংরক্ষণে বিশেষ ভূমিকার জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে যুবক মুহিবুর রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। তাদের মতে, মুহিবুরের সচেতনতা ও সাহসিকতার কারণেই আজ একটি মূল্যবান বন্যপ্রাণীর প্রাণ বাঁচল।
উদ্ধারের পর অজগর সাপটিকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা ও নিরাপদ স্থানে অবমুক্তকরণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।







