মৌলভীবাজারে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু
আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে মৌলভীবাজারে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’। মেলার পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার প্রকল্পের আওতায় একটি বিশেষ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এই মেলার মাধ্যমে স্থানীয় কৃষকরা নতুন নতুন কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাচ্ছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত প্রযুক্তি ও কৃষি উপকরণ সম্পর্কে খোঁজখবর নেন।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায়, মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় মোট ১৬টি স্টল অংশ নিয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের নিজস্ব কৃষি উদ্ভাবন, উন্নত প্রযুক্তি ও সেবাসমূহ প্রদর্শন করছে তিনদিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলা আগামী ২৭ জুন পর্যন্ত চলবে।
মেলা উদ্বোধনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেনের সভাপতিত্বে এবং সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রবিন চৌধুরীর সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল,
আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়া টেকসই কৃষি উন্নয়ন সম্ভব নয়। এই মেলার মাধ্যমে কৃষকরা নতুন প্রযুক্তি ও উন্নত চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। প্রযুক্তির ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে আরও বলেন, কৃষির উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. নাগিব মাহফুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন,
সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
মারুফ আহমেদ, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য বকসি মিছবাহুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত উপসহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক-কৃষাণী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।







