রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ৬৯ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ও বিকেলে উপজেলার দুটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও (জানাউড়া) গ্রামের বাসিন্দা মো. ওয়াহিদ মিয়ার ছেলে রাফি (৭) পরিবারের অজান্তে বাড়ির পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করেন। দ্রুত তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিন্দুরখান ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল খায়ের সিদ্দিকী মুরাদ জানান, সকালে ঘুম থেকে উঠে খেলতে গিয়ে রাফি অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদিকে, বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের সোনা মিয়া সড়ক এলাকায় মো. ইদ্রিস আলীর মেয়ে জামিনা ফেরদাউস জারা (২৮ মাস) খেলতে গিয়ে বাসার পাশের পুকুরে ডুবে যায়। এ সময় এলাকার অপর এক শিশু ঘটনাটি দেখে পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে জারাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহীদ বলেন, ‘পানিতে ডুবে যাওয়া দুই শিশুকেই হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।’

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক জানান, ‘খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর