ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করলেন এনসিপি নেতা সামায়েল
ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন সামায়েল রহমান। শনিবার (৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে সামায়েল রহমান উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি স্বেচ্ছায় মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
সংগঠনে দায়িত্ব পালনকালীন সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, এতদিন সততা ও নিষ্ঠার সাথে দলীয় দায়িত্ব পালনে যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ভবিষ্যতে দলের প্রতি আমার শুভকামনা ও সমর্থন সবসময় অব্যাহত থাকবে।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান জানান, পারিবারিক কারণ উল্লেখ করে সামায়েল রহমান পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, দলীয় নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী ৩০ বছরের কম বয়সী নেতাদের মূল দল থেকে অব্যাহতি দিয়ে ‘যুবশক্তি’-তে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। বয়স বিবেচনায় সামায়েল রহমানও এই বয়সসীমার (৩০ বছরের কম) মধ্যে পড়েন।







