কমলগঞ্জে হামহামের দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের পর্যটনকেন্দ্র হামহাম জলপ্রপাতসংলগ্ন দুর্গম ‘সিতাপ’ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (আনুমানিক ৬০) মরদেহ উদ্ধার করেছে যৌথ উদ্ধারকারী দল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় কয়েকজন মাছ শিকারী মোকাম টিলার সিতাপ নামক স্থানের পাহাড়ি ছড়ার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশ ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধারে তৎপরতা শুরু করেন।
রাত সাড়ে ১০টায় কমলগঞ্জ থানার এসআই আমির উদ্দিন এবং শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের দলনেতা আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের সাতজন করে মোট ১৪ সদস্যের একটি যৌথ দল গহিন অরণ্যে প্রবেশ করে। ভোরের দিকে এই উদ্ধার অভিযানে যুক্ত হন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও। রাতভর শ্বাসরুদ্ধকর অভিযান শেষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় দুর্গম জঙ্গল থেকে প্যান্ট ও গেঞ্জি পরিহিত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে কমলগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের দলনেতা আসাদুজ্জামান জানান, এলাকাটি অত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় মরদেহটি উদ্ধার করতে বেগ পেতে হয়েছে। তবে সংশ্লিষ্ট সব বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সফলভাবে উদ্ধারকাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সজয় কিশোর যাদব এবং চাম্পারায় চা-বাগানের প্রধান ব্যবস্থাপক রাহেল রানা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক পাহাড়ি ঢলের তীব্র স্রোতে মরদেহটি ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ভেসে এসে পাথুরে ছড়ায় আটকে গিয়ে থাকতে পারে।
কমলগঞ্জ থানার এসআই আমির উদ্দিন জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। মৃত্যুর সঠিক কারণ ও পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







