কমলগঞ্জে গণমাধ্যম কর্মীর সাথে নবাগত ইউএনও এর মতবিনিময়
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ তালুকদারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদের সঞ্চালনায় সভায় উপজেলার সামগ্রিক উন্নয়ন, সম্ভাবনা ও নানা সমস্যা নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা খোলামেলা আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার বলেন, দেশ ও সমাজের টেকসই উন্নয়নে প্রশাসন এবং গণমাধ্যম একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। কমলগঞ্জকে একটি সমৃদ্ধ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সবার সুপরামর্শ ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি উপজেলার প্রশাসনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ এবং সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন প্রমুখ।
এছাড়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।







