ট্রেনের অপেক্ষায় ক্লান্তি নয়, সময় কাটবে বইয়ের পাতায়
ট্রেনের জন্য দীর্ঘ অপেক্ষার একঘেয়েমি কাটিয়ে যাত্রীদের বই পড়ার আনন্দ দিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পাঠক কর্নারে নতুন বই সরবরাহ করেছে শ্রীমঙ্গল পৌরসভা। আজ মঙ্গলবার (১৮ আগষ্ট) বিকালে চতুর্থ দফায় বিভিন্ন ক্যাটাগরির এই বইগুলো পাঠক কর্নারে যুক্ত করা হয়।
স্টেশনে অপেক্ষমাণ যাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা ও অবসর সময়কে ফলপ্রসূ করার লক্ষ্যেই এই পাঠক কর্নারটি চালু রাখা হয়েছে। নতুন সংযোজিত বইগুলোর মধ্যে রয়েছে সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বিজ্ঞানসহ নানা বিষয়ের বই।
বই হস্তান্তরকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং শ্রীমঙ্গল রেলস্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
উদ্যোগটি প্রসঙ্গে শ্রীমঙ্গলের ইউএনও ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, যাত্রী ও সাধারণ মানুষের অপেক্ষার অবসর সময়কে অর্থপূর্ণ এবং জ্ঞানচর্চায় রূপান্তর করতেই আমাদের এই প্রচেষ্টা। অপেক্ষার ক্লান্তি দূর করার পাশাপাশি মানুষ যেন আনন্দের সঙ্গে জ্ঞান অর্জন করতে পারেন, সেটাই মূল উদ্দেশ্য।
তিনি আরও জানান, পাঠক কর্নারটিকে আরও সমৃদ্ধ করতে নিয়মিত বিরতিতে নতুন নতুন বই সংযোজন অব্যাহত থাকবে। এর মাধ্যমে স্টেশনে একটি সুস্থ সাংস্কৃতিক ও জ্ঞানভিত্তিক পরিবেশ তৈরি হবে, যা শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও ভ্রমণপিপাসু যাত্রীদের বই পড়ায় দারুণভাবে উৎসাহিত করবে।







