কমলগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেনের নতুন যাত্রা শুরু
‘লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি কমলগঞ্জ শাখার উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইন ও ‘সেলফ সার্ভিস কর্নার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং ক্যাশলেস লেনদেনকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই বিশেষ আয়োজনের উদ্যোগ নেয় ব্যাংক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে এগারোটায় ভানুগাছ পৌর বাজারে বর্ণাঢ্য র্যালি ও ফিতা কাটার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংক মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ।

পূবালী ব্যাংক পিএলসি কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক সুমিত সেনের সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আসাহাবউজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, ভানুগাছ বাজার বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া শফি, সহ-সভাপতি মো. মামুনুর রশীদ এবং স্থানীয় ব্যবসায়ী নাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও দ্রুততম করতে নগদ অর্থহীন বা ক্যাশলেস ব্যবস্থার কোনো বিকল্প নেই। বাংলা কিউআর কোড (QR Code), মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং আধুনিক ব্যাংকিং অ্যাপ ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা এখন মুহূর্তেই লেনদেন সম্পন্ন করতে পারছেন। এতে একদিকে যেমন নগদ টাকা বহনের ঝুঁকি কমছে, অন্যদিকে ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে।” বক্তারা গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল ও ডিজিটালাইজড করতে ভানুগাছ বাজারের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের আধুনিক প্রযুক্তিনির্ভর ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত করে তুলতে পূবালী ব্যাংক সর্বদা গ্রাহকবান্ধব সেবা দিতে বদ্ধপরিকর বলে ব্যাংক কর্মকর্তারা জানান।
উদ্বোধনী মতবিনিময় সভায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ভানুগাছ বাজারসহ আশপাশের বিভিন্ন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সভা শেষে স্থানীয় চারজন ব্যবসায়ীর মাঝে বাংলন কিউআর (QR) ও পস (POS) মেশিন বিতরণ করা হয়। পরবর্তীতে ব্যাংক প্রাঙ্গণে অতিথিবৃন্দ ফিতা কেটে ‘সেলফ সার্ভিস কর্নার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।







