কমলগঞ্জে অতি/রিক্ত মদ/পানে চা-শ্রমিকের মৃ/ত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে খোকন পাত্র (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত খোকন পাত্র শমশেরনগর চা বাগানের নারায়ণ টিলা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম কমল পাত্র।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে বাড়ির বাইরে মদপান করে অসুস্থ অবস্থায় বাড়িতে ফেরেন খোকন পাত্র। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে স্বজনরা তাঁকে সিলেটে নিতে অপারগতা প্রকাশ করেন। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খোকন পাত্রের মৃত্যু হয়।
শমশেরনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদপানের পর খোকন পাত্র অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) রুহুল আমীনও অতিরিক্ত মদ্যপানে শমশেরনগর চা বাগানের খোকন পাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।







