ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার
:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার চার দিন পর কৃষক মাসুক মিয়ার (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
নিহত মাসুক মিয়া উপজেলার মাধবপুর ইউনিয়নের হীরামতি গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন মাসুক মিয়া। একপর্যায়ে ধলাই নদী পার হওয়ার সময় অসাবধানতাবশত নদীর তীব্র স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি। ঘটনার পরপরই কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। টানা কয়েক দিন নদীর বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালানো হলেও প্রথম দিকে তার কোনো সন্ধান মেলেনি।
অবশেষে আজ বুধবার ভোরে স্থানীয় বাসিন্দারা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভাসমান মরদেহটি নিখোঁজ মাসুক মিয়ার বলে শনাক্ত করেন।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নিখোঁজ হওয়ার দিন থেকেই আমাদের উদ্ধারকারী দল নদীতে তল্লাশি অভিযান চালিয়ে আসছিল। চার দিন পর আজ সকালে স্থানীয়দের সহায়তায় নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে প্রিয়জনকে হারিয়ে মাসুক মিয়ার পরিবারে চলছে শোকের মাতম। এই মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।







