কমলগঞ্জে বন্যা দুর্গতদের পাশে বাংলাদেশ বিমানবাহিনী
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।
সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পতনউষার এলাকায় বিমানবাহিনীর পক্ষ থেকে বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে রান্না করা ও শুকনা খাবার বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিমানবাহিনী স্টেশন শমশেরনগরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অ্যাডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা, স্টেশন নিরাপত্তা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খাইরুল, পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলি আহমেদ খান এবং সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. ইব্রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উইং কমান্ডার সঞ্জীব সাহা সংবাদমাধ্যমকে জানান, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো বিমানবাহিনীর একটি অন্যতম দায়িত্ব। তিনি বলেন, নিজেদের মূল দায়িত্ব পালনের পাশাপাশি বন্যাদুর্গত এলাকার জনসাধারণের যেকোনো দুর্যোগ মোকাবিলায় বিমানবাহিনী সব সময় তৎপর ও সচেষ্ট রয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে হঠাৎ বন্যায় ঘরবাড়ি ও ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়া দুর্গত মানুষজন বিমানবাহিনীর এই তাৎক্ষণিক খাদ্য সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, সরকারি-বেসরকারি এমন সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।







