আপত্তিকর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে গৃহবধূকে ব্ল্যাকমেইল; যুবক গ্রেপ্তার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহিন আলী (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার (৬ জুলাই) শ্রীমঙ্গল উপজেলার ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিন আলী শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়া রোডের শুক্কুর আলীর ছেলে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে তাকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত শাহিন আলী তার বাসায় বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রি করতেন এবং ভুক্তভোগী গৃহবধূ তার কাছ থেকে নিয়মিত কেনাকাটা করতেন। চলতি বছরের ১১ জানুয়ারি ওই গৃহবধূ শাহিনের কাছ থেকে এক জোড়া জুতা কেনেন। জুতাটি ছোট হওয়ায় তা পরিবর্তন করতে ওই দিনই তিনি শাহিনের বাসায় যান। সে সময় বাসায় কেউ না থাকার সুযোগে শাহিন জোরপূর্বক গৃহবধূর সঙ্গে আপত্তিকর আচরণ করেন এবং গোপনে মোবাইলে তার ভিডিও ধারণ করে রাখেন।
র্যাব আরও জানায়, পরবর্তীতে ওই আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে দীর্ঘদিন ধরে জিম্মি করে রাখেন শাহিন এবং তাকে অনৈতিক কাজ করতে বাধ্য করেন। একপর্যায়ে ভুক্তভোগী ভিডিওটি মুছে ফেলার অনুরোধ করলে শাহিন তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
নিরুপায় হয়ে ভুক্তভোগী গৃহবধূ শাহিনকে ৫০ হাজার টাকা দিলেও, বাকি টাকার জন্য সে পুনরায় চাপ দিতে থাকে। পরবর্তীতে টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে শাহিন আপত্তিকর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
এই জঘন্য ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে র্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি চৌকস দল দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শাহিন আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। থানা পুলিশ জানায়, আসামিকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।







