শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু বহিষ্কার শ্রীমঙ্গলে সাবানা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড টাকা ছাড় দেন না ডিএফও: সিপিজি সদস্যদের ৫ মাসের বেতন বকেয়া মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ শ্রীমঙ্গলে ধুলাবালি থেকে স্বস্তি দিতে সড়কে পৌরসভার পানি ছিটানোর উদ্যোগ ধলই সীমান্তে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ কমলগঞ্জে এক রাতে মসজিদের দানবাক্সসহ ৭ দোকানে দুর্ধর্ষ চুরি

মৌলভীবাজারে বাড়ির বাথরুম থেকে শুঁটকি ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার

হালচাল ডেস্ক / ৬৯ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬


মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার ব্রাহ্মণগ্রামের একটি বাড়ির বাথরুম থেকে আব্দুল আজিজ (৩২) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল আজিজ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা এবং পেশায় একজন শুঁটকি ব্যবসায়ী ছিলেন।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের বাসিন্দা সুবাহান হাজীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে সুবাহান হাজীর বাড়ির বাথরুমে একটি বস্তাবন্দি লাশ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে মুহূর্তের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা মৌলভীবাজার মডেল থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় ওই যুবকের মরদেহটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করেছে। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পেছনে কী রহস্য রয়েছে এবং কারা এর সাথে জড়িত, তা উদঘাটনে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে।

ওসি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।

এদিকে, একজন সাধারণ ব্যবসায়ীর এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর