কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান আলীর মুক্তির দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান সদস্য লোকমান আলীকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। লোকমান আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে রোববার (২০ জুন) বিকালে চাতলাঘাট সংলগ্ন বটতলা বাজারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মাওলানা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং ব্যবসায়ী আব্দুল হামিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শরীফপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলমগীর হোসেন ও চাতলাঘাট বাজারের ব্যবসায়ী দুলাল মিয়া।

এলাকাবাসীর এই দাবির প্রতি সংহতি প্রকাশ করে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শরীফপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য সিদ্দিক আলী, ৪ নং ওয়ার্ডের সদস্য গনেশ লাল গোয়ালা, ৯ নং ওয়ার্ডের সদস্য জয়নুল আবেদীন এবং কারাবন্দী লোকমান আলীর পিতা হাজী রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “লোকমান আলী একজন অত্যন্ত আন্তরিক, সমাজসেবক ও ভালো মানুষ। জনপ্রতিনিধি হিসেবে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে প্রতিপক্ষ এম এ মুহিত সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছেন।”
বক্তারা অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে জনপ্রিয় ইউপি সদস্য লোকমান আলীর নিঃশর্ত মুক্তির জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার শত শত উৎসুক জনতা অংশ নেন।







