কমলগঞ্জে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে উপজেলার ভাতাভোগী সদস্যদের মাঝে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতাভোগীদের হাতে ঈদসামগ্রী তুলে দেন কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু সাহাদাৎ মোহাম্মদ এনামুল হক।

ঈদসামগ্রী বিতরণকালে তিনি ভাতাভোগী সদস্যদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “দেশের প্রতিটি দুর্যোগে ও আইনশৃঙ্খলার রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঈদের এই আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে এই উপহার পৌঁছে দেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলনেতা, দলনেত্রী এবং কোম্পানি কমান্ডার-সহকারী কোম্পানি কমান্ডারবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদসামগ্রী পেয়ে আনসার ও ভিডিপি বাহিনীর প্রান্তিক সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।







