লাউয়াছড়ায় অবমুক্ত হলো ১৪ ফুটের বিশালাকার অজগর
মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয় থেকে উদ্ধার হওয়া ১৪ ফুট লম্বা একটি বিশালাকার অজগর সাপ লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে সাপটিকে বনের গহীনে ছেড়ে দেওয়া হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে লাউয়াছড়া বন সংলগ্ন হীড বাংলাদেশ এলাকার বাসিন্দা মিজান মিয়ার বাড়িতে হানা দেয় বিশালাকার এই অজগরটি। বাড়ির হাঁস-মুরগি খাওয়ার চেষ্টা করার সময় বাড়ির লোকজন সাপটি দেখে ফেলেন। তবে সাপটিকে আঘাত না করে গৃহকর্তা মিজান মিয়া তাৎক্ষণিকভাবে বন্যপ্রাণী বিভাগকে খবর দেন।
খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের (সিসিএ) একটি চৌকস রেসকিউ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারকৃত সাপটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট এবং ওজন প্রায় ৪০ কেজি। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে সাপটি সম্পূর্ণ সুস্থ বলে নিশ্চিত করেন বিশেষজ্ঞরা। এরপর রাত সাড়ে ১১টার দিকে রেঞ্জ কর্মকর্তাদের উপস্থিতিতে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় অবমুক্ত করা হয়।
অভিযানে অংশগ্রহণকারী সিসিএ-এর ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা জানান, সাপটি বেশ শক্তিশালী ও সুস্থ ছিল। লোকালয়ে খাবারের সন্ধানে চলে এলেও স্থানীয়দের সচেতনতার কারণে এটি বেঁচে গেছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজী নাজমুল হক বলেন,
“সাপটি লোকালয়ে আতঙ্ক ছড়ালেও স্থানীয়রা সেটিকে না মেরে আমাদের খবর দিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। প্রাণিটি সুস্থ থাকায় আমরা রাতেই সেটিকে নিরাপদ আশ্রয়ে (গহীন বনে) অবমুক্ত করেছি।
উদ্ধার ও অবমুক্তকরণ কাজে বন বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি সিসিএ-এর চঞ্চল গোয়ালা, সামদেও পাশী ও মুক্তাদির রহমান সক্রিয়ভাবে অংশ নেন।







